দুঃখ প্রকাশ করে মন্তব্য প্রত্যাহার মুহিতের
পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের নিয়ে করা মন্তব্য ‘অবমাননাকর’ ছিল স্বীকার করে তা ‘প্রত্যাহার’ করে নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, “আমি মনে করি, এটা অত্যন্ত অপমানকর বক্তব্য ছিল। তাতে অবশ্যই মানহানি হয়েছে। এ জন্য আমি দুঃখিত। আমি এই বক্তব্য প্রত্যাহার করছি।”
এই বক্তব্য যেভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা অনভিপ্রেত ছিল এবং আমি তা প্রত্যাহার করছি। এজন্য যারা ক্ষুব্ধ হয়েছেন বা দুঃখ পেয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে, ভুল বুঝাবুঝি এখানেই সমাপ্তি হোক।
ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে শিক্ষকদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে ‘ভুল স্বীকার’ করেন অর্থমন্ত্রী।
অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবনমনের অভিযোগে এবং আলাদা বেতন কাঠামোসহ চার দফা দাবিতে আন্দোলনের সমালোচনা করে গত মঙ্গলবার মুহিত বলেছিলেন, দেশের ‘সবচেয়ে শিক্ষিত’ জনগোষ্ঠী ‘জ্ঞানের অভাবে’ আন্দোলন করছে।
“এই কর্মবিরতির কোনো জাস্টিফিকেশন নেই। তারা জানেই না পে-স্কেলে তাদের জন্য কী আছে, কী নেই।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘ইচ্ছেমতো’ পদোন্নতি দেওয়া হয় বলেও অভিযোগ করেন অর্থমন্ত্রী, যাকে তিনি আখ্যায়িত করেন ‘করাপট প্র্যাকটিস’ হিসেবে।
অর্থমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে বুধবার কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
এরপর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বুধবার রাতে একটি বিবৃতি দেয়, যাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়।
এরপর বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করে মুহিত নিজের মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, তার বক্তব্য সংবাদ মাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে তা ছিল ‘অনভিপ্রেত’।
“আমার বলা উচিত ছিল যে, তাদের আন্দোলনটি তাদের অনবহিতির জন্য, তারা সঠিক তথ্য জানতেন না বলে তারা ‘আনইনফর্মড’ ছিলেন।
“আমি যেভাবে বক্তব্যটি দিই তাতে অবশ্যই তাদের মানহানি হয়েছে। কারণ ‘জ্ঞানের অভাবে’ বলা আর ‘যথাযথ তথ্য সম্বন্ধে অনবহিত’ বলার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আমি আমার বক্তব্য সম্বন্ধে খুবই দুঃখিত, তবে বিস্মিত যে তারা সরকারি সিদ্ধান্ত জানার আগেই আন্দোলনে নেমে যান।”
আন্দোলনের সমালোচনায় মুহিত যে আগের অবস্থানেই আছেন, তা তার এ বক্তব্যে স্পষ্ট হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তাদের এই আন্দোলনটি অকারণে শুরু হয়েছে এবং এটা আমাকে গভীরভাবে পীড়া দেয় যে দেশের সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী একটি আন্দোলন করছেন।
“আমার বলার কথা ছিল যে, তারা প্রকৃত সুপারিশ বা সর্বোপরী সরকারি সিদ্ধান্ত না জেনেই আন্দোলনে নেমে গেলেন।”
আগের বক্তব্য প্রত্যাহার করায় শিক্ষকরা আর ‘মনে কষ্ট নিয়ে’ থাকবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, অধ্যাপকেরা আগের মতই সচিবদের সঙ্গে অবস্থান করছেন এবং সেই গ্রেডেই বেতন মাসিক ৭৮ হাজার টাকা পাবেন।
কিস্তু আগের বেতন কাঠামোতে সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের আলাদাভাবে উচ্চতর গ্রেডে রাখা হয়েছিল, যা নতুন কাঠামোতে নেই। এছাড়া নতুন গ্রেডে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে বিশেষ গ্রেডে রাখা হলেও সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের সেই মর্যাদা দেওয়া হয়নি, যা নিয়ে শিক্ষকদের আপত্তি।
শিক্ষকদের আরেকটি দাবি স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে মুহিত বলেন, “সেই ইতিহাসে যাওয়া ঠিক হবে না। তবে জেনে রাখা ভাল যে, তাদের বেতন স্কেল আগে আলাদাই ছিল। বাংলাদেশে তাদের দাবির মুখে সেটি বাদ দিয়ে একটি একক সার্বজনীন বেতন স্কেল হয় ১৯৭৩ সালে। তারপর থেকে এই একক স্কেলেই বেতন-ভাতা নির্ধারিত হয়ে চলছে। এবং একীভূত বেতন স্কেলে শিক্ষকদের তুলনামূলক অবস্থান বাস্তবে উন্নীতই হয়েছে।”
অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন কামরান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
