২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষায় ভ্যাট: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান রওশন

ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভে বৃহস্পতিবার দিনভর রাজধানীবাসীর চরম ভোগান্তির পর জাতীয় সংসদে বক্তব্যে রওশন বলেন, “এখানে আসার সময় দেখলাম ছাত্ররা অনেক বিক্ষোভ করছে। ছাত্ররা কেন বিক্ষোভ করছে? এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।

চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।

বুধবার রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা।

রাজধানীর উত্তরা, প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক গেইট ও রামপুরা এলাকা, মহাখালীর ওয়্যারলেস গেইট এবং ধানমণ্ডি-২৭ নম্বর এলাকা ও আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দিনভর যানজটে নাকাল হতে হয় রাজধানীবাসীকে।

বিকালে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় আরোপিত ভ্যাট শিক্ষার্থীদের নয়, দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

এ ঘোষণার পরেও অবরোধ চালিয়ে আসা শিক্ষার্থীরা বলছে, শিক্ষায় সব ধরনের ভ্যাট প্রত্যাহার করতে হবে।