দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের সংবর্ধনা
কলকাতায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
বুধবার সংসদের আইপিডি কনফারেন্স হলে এই অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো জাতীয় অর্জন সম্ভব নয়। বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা ও আন্তরিকতার জন্যই ক্রীড়াঙ্গনে উৎসাহ ও উদ্দীপনা বহুগুণে বেড়ে গেছে।
“ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ব্লাইন্ড ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেটের অবস্থান আরও একধাপ উপরে উঠে গেল।”
গত জুন মাসে কলকাতার ভিজুয়াল ইম্পিয়াড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে আয়োজিত ‘ত্রিবঙ্গ মৈত্রী আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে’ যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকট দল। এই জয় উপলক্ষে ডেপুটি স্পিকার ব্লাইন্ড ক্রিকেট দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেন।
ডেপুটি স্পিকার বলেন, “বর্তমান সরকার যেভাবে ক্রিকেটসহ সকল খেলার পৃষ্ঠপোষকতা করছে তাতে সেই দিন খুব বেশি দূরে নেই যে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।”
তিনি আরও বলেন, “আমাদের ব্লাইন্ড ক্রিকেট দল ত্রিবঙ্গীয় টি-২০ টুর্নামেন্টে যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে। আগামীতে আরো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়িয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে ।”
কলকাতায় ত্রিবঙ্গীয় ক্রিকেট টুর্নামেন্টে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ব্লাইন্ড ক্রিকেটার এবং দলের কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডেপুটি স্পিকার। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন ব্লাইন্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এম হারুনুর রশিদ বাবু।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্লাইন্ড ক্রিকেট বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিদারুল আলম, কোচ ছানোয়ার আহমেদ।
