২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়া

গাইবান্ধায় বন্যা কবলিত এলাকাগুলোতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 07:21 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

বুধবার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৩০ জন জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী।

তিনি বলেন, ডায়রিয়া সংক্রমণের তীব্রতা বেশি। হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন রোগীর ১ হাজার বা ২ হাজার সি সি স্যালাইনে কাজ হচ্ছে না। রোগী ভেদে ১০ থেকে ২০ হাজার সিসি স্যালাইন দিতে হচ্ছে।

“রোগীদের পানি শূন্যতার পরিমাণ বেশি। এটি নতুন কোনো ভাইরাসের কারণেও ঘটতে পারে বলে আমরা সন্দেহ করছি।”

জেলার বন্যা কবলিত এলাকাগুলোতে বর্তমানে ১২০টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে গাইবান্ধায় নদ-নদীগুলোর পানি এখনও বিপদসীমার উপরে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

গাইবান্ধা শহররক্ষার গোদারহাট এলাকার ঘাঘট নদীর সোনাইল বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে বুধবারও পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে লক্ষ্মীপুর-গাইবান্ধা সড়ক তলিয়ে গেছে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগে কবলে পড়তে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কিছুটা হ্রাস পেলেও এখনও ব্রহ্মপুত্র বিপদসীমার ২৮ সেন্টিমিটার এবং ঘাঘট বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল বলেন, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট এলাকায় গত মঙ্গলবার ঘাঘট নদীর ডান তীরে শহর রক্ষা সোনাইল বাঁধের ভেঙে যাওয়া অংশ রক্ষা কল্পে পানি উন্নয়ন বোর্ড বাঁশের পাইলিং এবং মাটির বস্তা ফেলার কাজ শুরু করেছে।