২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী নিজামীর আপিল শুনানি শুরু

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি ষষ্ঠ মামলা, যার শুনানি শুরু হল।

বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ প্রথম দিনের শুনানি নিয়ে ৩ নভেম্বর পর্যন্ত তা মুলতবি করেন।

এই আপিল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল শুনানির জন্য এদিন আপিল বিভাগের কার্যতালিকায় পাঁচ নম্বর ক্রমিকে ছিল। এর সঙ্গে ছিল অবকাশ শেষে দুই সপ্তাহ পর পর্যন্ত শুনানি মুলতবির একটি আবেদন।

২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের বাৎসরিক অবকাশ চলবে।

বুধবার সকালে তালিকা অনুসারে বিষয়টি আসার আগে নিজামীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন সময় চেয়ে করা মুলতবির আবেদনের বিষয়টি আদালতের নজরে আনেন। তখন আদালত ক্রম অনুসারে শুনানি হবে বলে জানিয়ে দেয়।

পরে তালিকা অনুসারে মামলাটি এলে পৌনে ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শুরু করেন। পেপারবুক থেকে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ উপস্থাপন করেন তিনি।

তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যার্টনি জেনারেল একরামুল হক।     

সোয়া ১১টা থেকে মাঝে আধ ঘণ্টা বিরতি দিয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে।

বিরতির পর ১২টার দিকে পেপারবুক থেকে উপস্থাপন শুরু করে আসামিপক্ষ।

নিজামীর বিরুদ্ধে আনা প্রথম অভিযোগের পক্ষে তিন সাক্ষীর বক্তব্য পেপারবুক থেকে উপস্থাপন করেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম ও শিশির মনির।

শুনানির শেষ পর্যায়ে আদালত উভয়পক্ষের আইনজীবীদের লিখিতভাবে যুক্তিতর্কের সারসংক্ষেপ জমা দিতে বলে।

বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল-১।

Image
মতিউর রহমান নিজামী (২০১৪ সালের ২৯ অক্টোবর রায়ের দিন প্রিজন ভ্যানে)

মতিউর রহমান নিজামী (২০১৪ সালের ২৯ অক্টোবর রায়ের দিন প্রিজন ভ্যানে)

ওই রায়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, “আদালত সম্মত হয়েছে যে, তিনি যে মাত্রায় হত্যা, গণহত্যা ঘটিয়েছেন, তাতে সর্বোচ্চ সাজা না দিলে তা হবে ন্যায়বিচারের ব্যর্থতা।”

জামায়াতের আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আলবদর বাহিনীর প্রধান।

স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মামলার রায়ে উঠে এসেছে।

ওই রায়ের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন নিজামী । ৬ হাজার ২৫২ পৃষ্ঠার নথিপত্রসহ নিজামীর করা আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরে সাজার আদেশ বাতিল করে খালাস চাওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে সর্বোচ্চ শাস্তি হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করেনি রাষ্ট্রপক্ষ।

নিজামীর পক্ষে আপিল আদালতে এ মামলার শুনানি করবেন খন্দকার মাহবুব হোসেন, যিনি এর আগে অন্য জামায়াত নেতাদের পক্ষেও আপিল আদালতে যুদ্ধাপরাধের মামলা লড়েছেন।

ট্রাইব্যুনালের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা সাতটি আপিল ইতোমধ্যে আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে।

এর মধ্যে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ হলে ওই বছর ১২ ডিসেম্বর দণ্ড কার্যকর করা হয়।

ঠিক এক বছর পর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। তবে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত না হওয়ায় রিভিউ নিষ্পত্তি হয়নি।

২০১৩ সালের ৩ নভেম্বর আপিল বিভাগ তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে সর্বোচ্চ সাজা দিলে ২০১৪ সালের ১১ এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়।

চলতি বছর ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখে আপিল বিভাগ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে তার দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

সর্বশেষ ২৯ জুলাই আপিল বিভাগ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় দেয়।

শুনানি পর্যায়ে এলেও জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও বিএনপি নেতা আব্দুল আলীম মারা যাওয়ায় তাদের আপিল অকার্যকর হয়ে যায়।

পুরনো খবর:

বদরপ্রধান নিজামীকে যেতে হবে ফাঁসিকাষ্ঠে
৮ অভিযোগ প্রমাণিত, ফাঁসি চার অপরাধে
বদরপ্রধানের মন্ত্রিত্ব: রূপকথা নয়
নিজামীকে মন্ত্রী করা ছিল শহীদদের প্রতি ‘চপেটাঘাত’