লক্ষ্মীপুরে খুঁটিতে বেঁধে শিশুকে নির্যাতন
দেশে শিশু নির্যাতনের কয়েকটি ঘটনায় তোলপাড়ের পর লক্ষ্মীপুরে চুরির অপবাদে এক শিশুকে খুঁটিতে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে।
বুধবার সকালে রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামে এ ঘটনায় আহত ইয়াছিনকে (১০) রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেলোয়ার হোসেন, আব্দুস সালাম পাটোয়ারী ও দেলোয়ার নামের তিন জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া জানান, মঙ্গলবার মাছিমপুরের আব্দুস সালাম পাটোয়ারীর গাছ থেকে দুটি ডাব চুরি করে শিশু ইয়াছিন।
“বুধবার সকাল ৮টার দিকে ইয়াছিনকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে আসে আব্দুস সালাম পাটোয়ারী।
“পরে স্থানীয় বাংলা বাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের খুঁটির সঙ্গে বেঁধে আব্দুস সালাম পাটোয়ারী, দেলোয়ার হোসেনসহ কয়েকজন মিলে ইয়াছিনকে লাঠি দিয়ে দফায় দফায় মারধর করে ফেলে রাখে।”
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে বলে জানান ওসি।
পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্প্রতি সিলেট, খুলনা ও বরগুনায় তিন শিশুকে নির্যাতন চালিয়ে হত্যা করার পর দেশে ব্যাপক তোলপাড় হয়।
