সংসদে ট্রেডমার্ক আইন সংশোধনে বিল
ট্রেডমার্ক বিরোধ সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময় ১২০ কার্যদিবস থেকে বাড়িয়ে ৩৬০ কার্যদিবস করার প্রস্তাব করে সংসদে বিল উঠেছে।
মঙ্গলবার ‘ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫’ সংসদে উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
পরে বিলটি ৩০ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
২০০৯ সালের আইনটি সংশোধনে বিলটি উত্থাপন করা হয়।
বর্তমান আইনে ট্রেডমার্ক বিরোধ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ১২০ কার্যদিবস সময় দেওয়া রয়েছে। প্রস্তাবিত আইনে তা বাড়িয়ে ৩০০ কার্যদিবস করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিল্পমন্ত্রী বলেন, “ট্রেডমার্ক আইন-২০০৯ যথাযথভাবে প্রয়োগের স্বার্থে অসংগতিগুলো দূরীকরণ এবং বিরোধীয় মামলা নিষ্পত্তির সময় বর্ধিত করতে আইনটি সংশোধন করে প্রণয়ণ করা যেতে পারে।”
প্রস্তাবিত আইনে ‘ট্রেড মার্ক রেজিস্ট্রি উইংকে’ ‘ট্রেড মার্ক রেজিস্ট্রি ইউনিট’ করার বিধান রাখা হয়েছে।
