২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বাড়ানোর দাবি করল সাংবাদিকরাও

সরকারি চাকুরেদের বেতন বাড়ার পর এবার নতুন বেতন কাঠামোর দাবি জানিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এক বিবৃতিতে এ দাবি জানায়।

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে একদিন আগে সরকারি চাকুরেদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার, যাতে তাদের বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ।

এর সঙ্গে সঙ্গতি রেখে সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও নতুন কাঠামোতে বেতন দেওয়ার ঘোষণা এসেছে।

বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সরকারি চাকুরেদের জন্য অষ্টম বেতন স্কেল অনুমোদন করায় ডিইউজে এর সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ তাদের বিবৃতিতে সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

তবে এর প্রভাবে মূল্যস্ফীতির কারণে সংবাদকর্মীদের অবস্থা ‘আরও করুণ’ রূপ নেবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।  

বিবিৃতিতে ডিইউজে বলেছে, বেতন বাড়ার ঘোষণায় কয়েক লাখ পরিবারে ‘স্বস্তির সুবাতাস’ বইলেও গণমাধ্যম ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকুরেদের কয়েক কোটি পরিবারের জীবন-জীবিকা আরও দুর্বিসহ হয়ে উঠবে। বিশেষ করে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের অবস্থা হবে আরও করুণ।

“সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা ইতিবাচক হলেও সাংবাদিকদের এ পদক্ষেপে বড় ধরনের বৈষম্যের সৃষ্টি করেছে।”

এ অবস্থায় অবিলম্বে সরকারি ও বেসরকারি চাকুরেদের বেতন বৈষম্য দূর করা এবং সাংবাদিকদের নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য দ্রুত নবম ওয়েজবোর্ড গঠনের দাবি জানানো হয় ডিইউজ এর ওই বিবিৃতিতে।

সর্বশেষ ২০১২ সালে সংবাদপত্রের কর্মীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড।

পরের বছর অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়।