নারায়ণগঞ্জে ১১ ‘ডাকাত’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মঙ্গলবার ভোরে তাদেরকে গ্রেপ্তারের পর দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান এই তথ্য জানান।
তাদের কাছ থেকে তিনটি তাজা ককটেল, পাঁচটি চাপাতি, তিনটি ছোরা, একটি কাটার ও একটি পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে বলেও জানান তিনি।
মোখলেছুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সংঘবদ্ধ একটি চক্র, যারা দীর্ঘদিন ধরে মহাসড়ক ও নৌপথে ডাকাতি এবং হত্যার মতো অপরাধ করে আসছিল।
“এদের মধ্যে দুইজনের কাছ থেকে সাংবাদিকের পরিচয়পত্র পাওয়া গেছে, যেগুলো তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখকে ফাঁকি দিতে ব্যবহার করত।”
তাদের কাছ থেকে তথ্য নিয়ে চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া, সিআইডির সহকারী পুলিশ সুপার এহসান উদ্দিন চৌধুরী, ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলো- জাহাঙ্গীর আলম ওরফে বল্লার জাহাঙ্গীর (৩৫), নজরুল ইসলাম (৩৬), স্বপন (৩০), জসীম (৩০), মো. মাসুম (৩৫), শরফুদ্দিন ওরফে মন্টু (৩২), মাসুদুর রহমান মাসুদ (২৯), হোসেন মিয়া (২৫), শামীম (২৮), আল আমিন (২৯), মো. সাইফুল ইসলাম (১৯)।
