২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী পেটানোর অভিযোগে শিক্ষক বরখাস্ত

দিনাজপুরের বীরগঞ্জে একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির তিন ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 06:40 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

মঙ্গলবার উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর।

আহত মমতাজ পারভীন বর্ষা, শান্তা খাতুন ও তানজিনা আখতারকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টায় প্রধান শিক্ষক শহীদুল ইসলাম তাদের বিজ্ঞান ক্লাশ নিতে আসেন। এ সময় তিনি বর্ষাকে রাসায়নিক বিক্রিয়ার বিষয়ে লিখতে বলেন।

সে লিখতে না পারায় প্রথমে শান্তা ও পরে তানজিনাকে লিখতে বলেন। কিন্তু তারাও লিখতে না পারায় শহীদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ওই তিন ছাত্রীকে বেধড়ক পেটান বলে জানায় তারা।

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আমি তাদের সামান্য শাসন করেছি। দুই-একটা মার দিয়েছি। কিন্তু কীভাবে কি হলো বুঝতে পারছি না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল পরিচালনা পর্ষদ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে।

ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।