২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নাশকতা মামলায় ২ চেয়ারম্যান কারাগারে

ফেনীর সোনাগাজীতে নাশকতা ও হত্যা মামলায় বিএনপি সমর্থক দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 05:10 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খায়রুন নেছা আসামিদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আরিফ ইকবাল।

এর আগে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন খোকন ও চরদরবেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

সোনাগাজী মডেল থানার ওসি হারুন-অর রশিদ জানান, গত বছরের ৫ জানুয়ারি নবম জাতীয় নির্বাচনের দিন ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামালা চালায় দুর্বৃত্তরা।

এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে সোনাগাজী পৌরসভা ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি জামশেদ আলম (২৮) ও ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ (২২) নিহত হয়েছিলেন বলে জানান ওসি।

তিনি আরও জানান, এ ঘটনায় সোনাগাজীর চর দরবেশ আদর্শ গ্রাম ফাঁড়ি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে সামছুদ্দিন খোকন ও আবুল কালাম আজাদেসহ ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে হরতাল ও অবরোধে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।