শার্শায় গরু ব্যবসায়ীদের মধ্যে কোন্দল, বোমাবাজি
যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় দুই দল গরু ব্যবসায়ীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে।
সোমবার রাতে উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে গোগা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ বায়েজিদ জানান।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীমান্তের ওই এলাকায় গরুর খাটালের জায়গা নিয়ে ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সেখানে পরপর তিনটি হাতবোমা ফাটানো হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে বলে এসআই বায়েজিদ জানান।
গরু ব্যবসায়ীদের এই কোন্দলে কয়েকজন আহত হওয়ার কথা শোনা গেলেও কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
স্থানীয়দের ধারণা, আটক হওয়ার ভয়ে আহতরা সবাই ‘গা ঢাকা’ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির টহল বাড়ানো হয়েছে।
