শাহরিয়ার আত্মহত্যা করেনি, দাবি জাফর ইকবালের
গণজাগরণ কর্মী শাহরিয়ার মজুমদার আত্মহত্যা করেনি বলে দাবি করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
সোমবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের শোকসভায় এমন দাবির পাশাপাশি সুষ্ঠু তদন্ত চেয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে সিলেটের একটি বাসা থেকে শাহরিয়ারের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বললেও তা মানতে নারাজ শাহরিয়ারের সহপাঠী ও স্বজনরা।
সোমবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী’ ব্যানারে আয়োজিত শোকর্যালি ও সমাবেশে শেষে শাহরিয়ার মজুমদারের স্মৃতিচারণ করার সময় কান্নায় ভেঙে পড়েন অধ্যাপক জাফর ইকবাল।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের আরও অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, আমরা গিয়েছি, শিক্ষার্থীদেরকে কোলে করে নামিয়েছি। এই অভিজ্ঞতা আমাদের রয়েছে।
“মানুষ আত্মহত্যা করার আগে কি করে, কিংবা মানসিক অবস্থা কি হয়, সে সম্পর্কে আমাদের ধারণা আছে। কোনোভাবেই আমি এটাকে আত্মহত্যার সাথে মেলাতে পারি না।”
শাহরিয়ারের টেলিফোনের কল লিস্ট ধরে তদন্তের দাবি জানিয়ে জাফর ইকবাল বলেন, “সে মারা যাওয়ার আগে কার সাথে কথা বলেছিল, কি বলেছিল সেটা সবাই জানতে চায়।
“আমাদের কাছে খবর এসেছে ফেসবুকে তার কিছু লেখালেখি ছিল, পরে সেটা মুছে দেওয়া হয়েছে। ফেসবুকে যা ছিল, সেটা যদি ডিলিট করে দেওয়া হয়, পুলিশ বাহিনী কিংবা যারা তদন্তের সাথে জড়িত তারা যদি অফিসিয়াললি ফেসবুকের সাথে যোগাযোগ করে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ অবশ্যই সহায়তা করবে।”
“আমরা জানতে চাই কেন? কি হয়েছিল ফেসবুকে? কার সাঙ্গে কথা হয়েছিল? যার জন্য এমন একটা হাসিখুশি ছেলে এভাবে আত্মহত্যা করবে।”
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিনের সঞ্চালনায় শোকসভায় অন্যদের মধ্যে স্মৃতিচারণ করেন সহপাঠী রেজা, শমসের রাসেল, মোস্তফা কামাল মাসুদ, অধ্যাপক মস্তাবুর রহমান, অধ্যাপক মো. ইউনুছ প্রমুখ।
