ক্যান্সারে আক্রান্ত লাকী আখন্দ হাসপাতালে
কণ্ঠশিল্পী লাকী আখন্দ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে।
আশির দশকের তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকারও। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন ‘লাকি আখন্দ’।
ওই অ্যালবামের এই নীল মণিহার, আমায় ডেকো না, রীতিনীতি জানি না, মামনিয়া, আগে যদি জানতাম, সুমনা’র মতো গান তখন শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
কণ্ঠশিল্পী লাকী আখন্দ
১৯৮৭ সালে ছোট ভাই ‘হ্যাপী আখন্দের’ মৃত্যুর পরপর সঙ্গীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছায় নির্বাসন নেন এই গুণী শিল্পী।
মাঝখানে প্রায় এক দশক নীরব থেকে ১৯৯৮-এ ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম দুটি নিয়ে আবারও ফিরে আসেন শ্রোতাদের মাঝে।
এরপর টেলিভিশনের লাইভ প্রোগ্রামে তাকে দেখা গেছে; মেয়ে মাম্মিন্তিকেও বিভিন্ন অনুষ্ঠানে তার উত্তরসূরী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন দর্শকদের সঙ্গে।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে ভর্তির পর লাকী আখন্দকে একবার কেমোথেরাপি দেওয়া হয়েছে।
হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে লাকী আখন্দকে। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।
