বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ‘পর্যালোচনা হবে’
সব গ্রেডের বেতন প্রায় দ্বিগুণ বাড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি পূরণ হয়নি।
তাদের বেতন কাঠামো পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা জানিয়েছেন।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়, যাতে সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার মূল বেতন ধরা হয়েছে।
শিক্ষকদের দাবির বিষয়টি মন্ত্রিসভা গুরুত্বের সঙ্গে আলোচনা করেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, “তাদের যে দায়িত্ব, সমাজে তাদের যে ভূমিকা, অবস্থান এ সম্পর্কে সরকার পরিপূর্ণভাবে সচেতন।”
সপ্তম বেতন কাঠামোতে বেসামরিক কর্মকর্তাদের মধ্যে সচিব, সামরিক কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডের অধ্যাপক সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) ছিলেন। আর জ্যেষ্ঠ অধ্যাপকরা গ্রেড-২ এবং অধ্যাপকরা গ্রেড-৩ এ বেতন পেয়ে আসছিলেন।
অষ্টম বেতন কাঠামোতে অধ্যাপক ও জ্যেষ্ঠ অধ্যাপকদের অবস্থান ঠিক থাকলেও সিলেকশন গ্রেডের অধ্যাপকদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়নি, যা নিয়ে শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন।
নতুন বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদার অবনমন ঘটানো হয়েছে অভিযোগ করে কর্মবিরতি ও মানবন্ধনের মতো কর্মসূচি পালন করে আসছেন তারা।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর দাবিও তাদের রয়েছে। চার দফা দাবিতে মঙ্গলবার কর্মবিরতিতে যাওয়ারও ঘোষণা রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। মন্ত্রিসভায় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়।
“সেজন্য মন্ত্রিসভা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের প্রস্তাবগুলো পর্যালোচনা করে সুপারিশ করার দায়িত্ব দিয়েছে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নতুন স্কেলে বেতন পাবেন জানিয়ে মোশাররাফ বলেন, যে যে গ্রেডে আছেন সেই গ্রেডের নতুন কাঠামোতেই বেতন পাবেন।
“যে বর্তমানে যে সুবিধা পাচ্ছে, তার অবনমন কখনও করা হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না।”
মোশাররাফ বলেন, শিক্ষকদের প্রস্তাবগুলো ‘মৌলিক বিষয় এবং তা গুরুত্বপূর্ণ’। বেতন বৈষম্য কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বিস্তারিতভাবে শোনার সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রয়োজনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হবে বলে জানান তিনি।
“বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা যেন সমুন্নত থাকে, মন্ত্রিসভা সে বিষয়ে ডিপলি কমিটেড। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মর্যাদা এখন যা আছে তাই থাকবে। গণমাধ্যমে এ বিষয়ে যেসব প্রতিবেদন এসেছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই।”
মোশাররাফ বলেন, বেতন কমিশন ও সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে ‘পারস্পরিক সম্পর্কের’ কোনো পরিবর্তন হয়নি। এই সুপারিশের মাধ্যমে কাউকে ‘উপরে উঠানো’ বা ‘নিচে নামানো’ হয়নি।
তবে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সচিবের বক্তব্যে সন্তষ্ট নন। আগের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলেও তারা জানিয়েছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিসমূহ এবং অবমাননার বিষয়টি বিবেচনা না করেই এই বেতন স্কেল অনুমোদন করা হয়েছে এবং সিলেকশন গ্রেডও বাতিল করা হয়েছে।
“এমতাবস্থায় ঘোষিত বেতন স্কেল অনেকটা অস্পষ্ট এবং ধারণা করা হচ্ছে শিক্ষকদের ন্যায্য আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এই বেতন স্কেলে হবে না।”
