নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দুই শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আহত শ্রমিকদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম।
নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুমারকান্দা এলাকার সোলায়মান মিয়ার ছেলে মোতাহার মিয়া (২৩) ও একই জেলার বনগ্রাম এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪৮)।
আরও পাঁচ শ্রমিক ওই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
ওসি বলেন, রোববার রাত ৯টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরে এআরকে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাত শ্রমিক ট্রাক্টরে করে ব্রাহ্মণখালী ফেরার পথে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা সাত শ্রমিক গুরুতর আহত হন।
“পরে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোতাহার ও সাইদুলের মৃত্যু হয়।”
