ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক বরখাস্ত
এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গাজীপুরের কাপাসিয়ার হরিমুঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত মনোজিত চন্দ্র সরকার ওই স্কুলের সহকারী শিক্ষক।
স্কুলের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক জানান, সোমবার স্কুলের পরিচালনা পর্ষদের ডাকা জরুরি সভায় মনোজিত চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
ছাত্রী ধর্ষণের অভিযোগে রোববার মনোজিতকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ।
শনিবার বিকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে রাস্তা থেকে ডেকে নিয়ে মনোজিত তার কোচিং সেন্টারে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে অভিযোগে মামলা করে মেয়েটির বাবা। পরে রোববার স্কুল থেকে মনোজিতকে আটক করে পুলিশ।
