বাসে ঈদটিকেট ১১ সেপ্টেম্বর থেকে
কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১১ সেপ্টেম্বর থেকে আগাম টিকেট বিক্রি শুরু করবে বেসরকারি বাস কোম্পানিগুলো।
১৬ সেপ্টেম্বর থেকে আগাম টিকেট বিক্রির কথা বিআরটিসি জানানোর একদিন বাদে সোমবার বেসরকারি বাস কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।
তবে ১১ সেপ্টেম্বর গাবতলীর বাসগুলোর আগাম টিকিটে বিক্রি শুরু হলেও সায়েদাবাদ ও মহাখালী থেকে ছাড়া দূরপাল্লার বাসের টিকেট বিক্রি শুরু হবে এক দিন পর।
হানিফ এন্টারপ্রাইজের বিপণন এক্সিকিউটিভ ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ১১ তারিখ থেকে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে।”
উত্তরাঞ্চলের শ্যামলী পরিবহনের কল্যাণপুরের কাউন্টার মাস্টার গৌরাঙ্গ দত্তও একই কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. এনায়েতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালী ও সায়েদাবাদ থেকে যে বাসগুলো ছাড়বে, সেগুলোর অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে।”
বিআরটিসি ১৬ সেপ্টেম্বর থেকে আগাম টিকেট বিক্রি শুরু করবে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মতিঝিল বাস ডিপোতে টিকিট পাওয়া যাবে।
