রিমান্ড শেষে দুই হিযবুত নারী কারাগারে
সংগঠনের অনলাইন সম্মেলন ঘিরে প্রচারপত্র বিলির সময় গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীর এর দুই নারী সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩১ অগাস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার রাজউক স্কুলের সামনে থেকে হিযবুত সদস্য তৌহিদা আক্তার ওরফে উর্মি ও রাকিবা মাহমুদ ওরফে জাকিরাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদের মধ্যে উর্মি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে পড়শোনা শেষ করেছেন। জাকিরা উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের শিক্ষার্থী।
মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার মো. মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনের অনলাইন সম্মেলন ঘিরে রাজউক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সরকারবিরোধী বিভ্রান্তিকর প্রচারপত্র বিলির সময় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
গত ৪ সেপ্টেম্বর ঘোষণা দিয়ে হিযবুত তাহরীর নিজেদের অনলাইন সম্মেলন করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা সরকার উৎখাতের পরিকল্পনায় ছিল।
রিমান্ডে হিযবুত সদস্যরা নিজেদের কর্মী বাহিনী নিয়ে কোনো তথ্য গোয়েন্দাদের দেননি বলে জানান পুলিশ কর্মকর্তা মো. মাহফুজুল ইসলাম।
