সাবেক এসপি মোস্তফা কামালকে আত্মসমর্পণের নির্দেশ
ঘুষের মামলায় রেল পুলিশের সাবেক এসপি মোস্তফা কামালকে হাই কোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে বাদী ও দুদকের আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ।
সেই সঙ্গে মোস্তফা কামালকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
মামলার বাদী এস এ পরিবহনের মালিক সালাহ উদ্দিন আহমদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যরিস্টার এম আমীর-উল ইসলাম ও এম মাহবুবুর রহমান।
আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২২ ডিসেম্বর এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন ২০ লাখ টাকাসহ সিলেট যাওয়ার পথে মাধপপুর থানার ওসি আতাউর রহমান ও উপ-পরিদর্শক ওহেদ মিয়া তাকে আটক করেন। পরে পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল আরও ৩০ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা সালাউদ্দিনের কাছে দাবি করেন।
টাকা দিতে অস্বীকার করায় মোস্তফা কামাল এসএ পরিবহনের মালিকের বিরুদ্ধে মাদক ও নারী পাচার আইনে মামলা দায়ের করেন। এরপর সালাউদ্দিন ঢাকায় ফিরে তার বিরুদ্ধে করা মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ওই মামলা খারিজ করে দেয়।
এরপর ঘুষ দাবির অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মোস্তফা কামাল ও ওহেদ মিয়ার বিরুদ্ধে মামলা করেন এস এ পরিবহনের মালিক। ২০১০ সালের ৪ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ওই মামলার রায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর মোস্তফা কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. মোতাহার হোসেন।
সেই সঙ্গে আসামিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ২৫ লাখ টাকা মামলার বাদী সালাউদ্দিনকে এবং বাকি পাঁচ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়।
মামলার অন্য আসামি মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওহেদ মিয়াকে সব অভিযোগ থেকে খালাস দেয় বিচারিক আদালত।
ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন সাবেক পুলিশ কর্মকর্তা কামাল। ২০১৪ সালের ৪ জুন হাই কোর্টের রায়ে তাকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।
হাই কোর্টের দেওয়া জামিনে ওই মাসেই কারাগার থেকে বেরিয়ে আসেন মোস্তফা কামাল। আপিল বিভাগ বাদীপক্ষকে আপিলের অনুমতি দেওয়ায় এখন তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে।
