২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তা নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন শুরু

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মপন্থা ঠিক করার লক্ষ্যে ঢাকায় পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 12:24 AM

Updated : 25 Apr 2022, 01:50 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে।

উদ্বোধন করে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, সারা পৃথিবীতে দুই বিলিয়ন মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এ জন্য বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বিষয়ে অত্যধিক গুরুত্ব দিয়ে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, প্রতিদিন বিশ্বে প্রায় ১৭ হাজার শিশু খাদ্যের অভাবে মারা যাচ্ছে। এই হিসাবে বছরে মারা যাচ্ছে ৬০ লাখ শিশু। খাদ্যের অভাবে ইউরোপের দিকে যাত্রা করা সিরিয়ার আইলান কুর্দি এক্ষেত্রে সর্বশেষ উদাহরণ। তার মৃত্যু সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়েছে।

নানা সীমাবদ্ধতা স্বত্ত্বেও বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় অনেক দূর এগিয়েছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, “এ জন্য আমরা নিরাপদ খাদ্য আইন করেছি। খাদ্য নিরাপত্তার নীতিমালা করে সমন্বিত কাজের মাধ্যমে এগোচ্ছি আমরা।

“গত ১৬ বছরে আমরা দরিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যা ৩৬শতাংশ থেকে ২৩ শতাংশে নামিয়ে আনতে পেরেছি। এই অগ্রগতির ধারায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি ক্ষুধামুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।”

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিশাল কর্মযজ্ঞ পালন করছি আমরা। এখন শুধু খাদ্য মন্ত্রণালয়ের এটাকে সীমাবদ্ধ রাখা হয়নি; ১৭টি মন্ত্রণালয়ের সমন্বিত কার্যক্রমে বাংলাদেশকে পুরোপুরি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে কাজ চলছে।

“৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে যেখানে চাল আমদানি করা লাগত, সেখানে এখন আমরা ১৬ কোটির বাংলাদেশে চাল রপ্তানি করছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, সংস্থার ফুড সেফটি অফিসার মেরি কেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমা শাহীন বক্তব্য দেন।

অনুষ্ঠানশেষে অধ্যাপক নাজমা শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭ থেকে ১০ সেপ্টেম্বর হোটেল সোনারগাঁওয়ে টেকনিক্যাল সেশনগুলো অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশ থেকে ১১জন এবং বাংলাদেশ থেকে ১০জন খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ টেকনিক্যাল সেশনে নীতি-নির্ধারণ পর্যায়ের কর্মপন্থা ঠিক করবেন।