বিআরটিসির ঈদ টিকেট ১৬ সেপ্টেম্বর থেকে
কোরবানির ঈদের ছুটির বাস টিকেট আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিআরটিসি।
বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান রোববার সাংবাদিকদের বলেন, “বিভিন্ন রুটে ঈদ উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিআরটিসির বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।”
এদিকে ঈদের টিকেট কবে বিক্রি শুরু করবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি বেসরকারি পরিবহন মালিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. এনায়েতউল্লাহ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব তাড়াতাড়ি সভা করে এই নিয়ে সিদ্ধান্ত নেব।”
মহাখালী বাস মালিক সমিতির নেতা আবুল কালাম ইঙ্গিত দিয়েছেন, আগাম টিকেট বিক্রি আগামী সপ্তাহে শুরু হবে।
“আপনি ১২ সেপ্টেম্বর দুপুরে যোগাযোগ করলে আপনাকে এই নিয়ে ভালো তথ্য দিতে পারব,” বলেন তিনি।
