সেই আনোয়ারউল্লাহর নামে ঢাবিতে ট্রাস্ট ফান্ড
শামসুন নাহার হলে ছাত্রী নির্যাতনের পর আন্দোলনের মুখে ১৩বছর আগে পদত্যাগী উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর নামে ট্রাস্ট ফান্ড গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
‘বিতর্কিত’ একজন ব্যক্তির নামে এই ট্রাস্ট ফান্ড গঠন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ২০০২ সালের ওই ঘটনায় নির্যাতিত ছাত্রী ও আন্দোলনকারীরা।
সেই সময়ে আনোয়ারউল্লাহ চৌধুরীর পদত্যাগ দাবিতে সোচ্চার ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানববেন্দ্র দেব।
এই ট্রাস্ট ফান্ড গঠন নিয়ে অন্যদের সঙ্গে তিনিও ক্ষোভ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মানববেন্দ্র বলেন, “এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে ট্রাস্ট ফান্ড গঠন করা ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমাদের জন্য চরম লজ্জার।”
নির্যাতনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী মনিরা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিতর্কিত ব্যক্তির নামে এ ধরনের একটি ট্রাস্ট ফান্ড করা কোনোভাবে ঠিক হলো না। ইতিহাস তো কাউকে ক্ষমা করে না, তাকেও ক্ষমা করবে না।”
নির্যাতনের ঘটনার ১৩ বছর পূর্তিতে এসে পদত্যাগী সেই উপাচার্যের নামেই গত ৫ অগাস্ট ট্রাস্ট ফান্ড গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে প্রতিবেদন গত ১৫ অগাস্ট ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তায়’ প্রকাশিত হয়েছে।
ট্রাস্ট ফান্ড গঠনের দিন বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্ট ফান্ড গঠনের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিনের হাতে ছয় লাখ টাকার চেক হস্তান্তর করেন অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর ছেলে মিতুল আনোয়ার চৌধুরী।
ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের বিএসএস (সম্মান) এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে ‘অধ্যাপক আনোয়াউল্লাহ চৌধুরী স্বর্ণপদক’ প্রদান করা হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, নৃবিজ্ঞান বিভাগের ‘শিক্ষকদের ইচ্ছা’ ও বিভাগ কর্তৃপক্ষের ‘সিদ্ধান্তে’ এই ট্রাস্ট ফান্ড করা হয়েছে।
“যদিও তিনি (অধ্যাপক আনোয়ারউল্লাহ) বিতর্কিত, তবুও বিভাগের শিক্ষকরা যেহেতু চেয়েছেন সেহেতু আমরা অনুমোদন দিয়েছি।”
অবৈধভাবে হলে অবস্থানকারী ছাত্রদল নেতাকর্মীদের বের করে দেওয়াসহ কয়েকটি দাবিতে ২০০২ সালের জুলাইয়ে আন্দোলন শুরু করেন হলের সাধারণ ছাত্রীরা।
আন্দোলনের মধ্যে ২৩ জুলাই রাতে হলের প্রাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাধারণ ছাত্রীদের অবস্থান চলাকালে সেখানে সম্মিলিত হামলা চালায় পুলিশের পুরুষ সদস্য ও ছাত্রদল নেতাকর্মীরা।
তখন পুলিশী নির্যাতনের বিষয়ে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠে তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহর বিরুদ্ধে।
‘তার নির্দেশেই’ ছাত্রীদের উপর হামলা হয়েছে- এমন অভিযোগ তুলে পরবর্তীতে উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে সংহতি জানিয়েছিলেন বেশ কয়েকজন শিক্ষকও।
টানা আন্দোলনের এক সপ্তাহের মাথায় ওই বছরের ১ অগাস্ট উপাচার্য পদ ছাড়তে বাধ্য হন অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী।
ওই ঘটনার স্মরণে প্রতি বছর ২৩ জুলাইকে ‘শামসুন নাহার হল নির্যাতন দিবস’ হিসাবে পালন করা হয়ে থাকে।
