২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৮ হাজার হাতঘড়ি উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে আট হাজার হাতঘড়ি উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা একটি কুরিয়ার সার্ভিসের বেশ কিছু কার্টন বক্সে এসব ঘড়ি পান।

শুল্ক বিভাগের মহাপরিচালক মঈনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জব্দ করা ঘড়িগুলোর মধ্যে ৬৪৬ ধরনের হাতঘড়ি ছিল। ১৪শ পিস ঘড়ির ব্যাটারি, ৫০টি বেল্ট ছাড়াও ২১৩ কেজি ঘড়ি তৈরির উপকরণও ছিল।”

জব্দ হওয়া মালামালের মূল্য ১০ কোটি টাকা বলে জানান তিনি।

২৩টি কার্টনে ওই মালামালগুলো এসএমআই কুরিয়ার সার্ভিসের ঠিকানায় গত ১০ অগাস্ট এসেছিল বলে জানান মইনুল খান।

এই কুরিয়ার সার্ভিসের ঠিকানা ব্যবহার করে বদরুল আলম শ্যামল বিদেশ থেকে বিভিন্ন ধরনের মালামাল বাংলাদেশে আনতেন।

গত সপ্তাহে শ্যামলকে বিমানবন্দরের শুল্ক বিভাগের এক কর্মকর্তাকে মারধর করে কার্গো ভিলেজ থেকে প্রায় কোটি টাকার মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে র‌্যাব।