উৎসব ভাতা বাধ্যতামূলক করা হবে: শ্রম প্রতিমন্ত্রী
ঈদে শ্রমিকদের বাধ্যতামূলকভাবে উৎসবভাতা দিতে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের উৎসব ভাতা নিয়ে আইনে কোনো নির্দেশনা নেই। ফলে কারখানার মালিকরা নিজেদের ইচ্ছেমত উৎসব ভাতা দেয়।
“সব শ্রমিকদের উৎসব ভাতা দিতে বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান শ্রম মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। তার প্রস্তাব খুব পছন্দ হয়েছে, আমরা আইন সংশোধনের উদ্যোগ নেব।”
ঈদের আগে নিয়মিত বেতনের পাশাপাশি উৎসব ভাতা নিয়ে বিভিন্ন সময় কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা যায়।
অভিযোগ রয়েছে, কারখানার মালিকরা নিজেদের ইচ্ছেমত শ্রমিকদের উৎসব ভাতা দিয়ে থাকেন।
কোরবানির ঈদে কোনো কারখানায়ই বেতন-ভাতা নিয়ে সমস্যা হবে না বলে জানান চুন্নু।
শ্রম বিধিমালা চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “শিগগিরই তা গেজেট আকারে প্রকাশ করা হবে। শ্রমিকদের উৎসব ভাতার বিষয়টিও বিধিমালায় রাখার চেষ্টা করব।”
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিধিমালায় শ্রমিকদের পাশাপাশি তাদের সন্তানদের জন্য যেসব সুযোগ-সুবিধা রাখা হয়েছে সংবাদ সম্মেলনে তা বিস্তারিত তুলে ধরেন চুন্নু।
বাংলাদেশের ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত জার্মানিতে ওই দেশের সামাজিক সংলাপ, (শ্রমিক-মালিক প্রতিনিধিদের মধ্যে সমস্যা সমাধান নিয়ে) সামাজিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং পেশাগত দুর্ঘটনার বীমা নিয়ে প্রশিক্ষণ নেন।
এসব বিষয় জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চুন্নু বলেন, “আমাদের দেশে দুর্ঘটনা বীমা চালু করা হবে, এনিয়ে কাজ চলছে। একটি পাইলট প্রকল্প নেওয়া হবে।”
শ্রম সচিব মিকাইল শিপার ছাড়াও শ্রম মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
