২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্র শাহরিয়ারের মৃত্যুর তদন্ত দাবি

গণজাগরণ মঞ্চকর্মী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার মজুমদারের মৃত্যুর সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক শাহরিয়ারের মৃত্যুতে রোববার ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ এর ব্যানারে মৌন মিছিল শেষে আয়োজিত সমাবেশে এই দাবি জানান তারা।  

শাহরিয়ার মজুমদারের স্মরণে দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হওয়া মৌন মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

এরপর সেখানে সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাবেশে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া শাহরিয়ারকে ‘বিশ্ববিদ্যালয়ের রত্ন’ উল্লেখ করে বলেন, “আমি শাহরিয়ারের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। তদন্তের মাধ্যমে সত্য বের হয়ে আসবে।”

ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার বলেন, তার মৃত্যু যেভাবেই হোক সরকার যেন সুষ্ঠুভাবে তদন্ত করে সঠিক কারণ বের করে আনে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক গিয়াস বাবুর সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি কবির হোসেন, হিমাদ্রী শেখর রায়, শাকিল আকবর, সুদীপ্ত বিশ্বাস, স্পোর্টস সাস্টের সভাপতি রাফি প্রমুখ।

সিলেটে একটি বাসা থেকে গত বৃহস্পতিবার রাতে শাহরিয়ারের লাশ উদ্ধার করে পুলিশ।

শাহরিয়ার মজুমদার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে পড়তেন। তিনি গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীতে।

মরদেহ উদ্ধারের পর পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা বললেও তা মানতে নারাজ শাহরিয়ারের বন্ধু-স্বজনরা।

পুরনো খবর:

শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার