২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুয়া মামলায়’ গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোহেল জামিন পেলেন

জমি দখলের প্রতিবিধান চেয়ে গণভবনের সামনে দাঁড়ানো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাটের আবুল কালাম আজাদের চাচাত ভাই সোহেল মাহমুদ জামিন পেয়েছেন, যাকে মিথ্যা তথ্যে মাদকের মামলায় ‘ফাঁসানো’ হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 04:22 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

রোববার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন জামিনের এই আদেশ দেন।

গত ২ অগাস্ট সোহেলকে আটকের পর তার কাছে ৩৭০টি ইয়াবা পাওয়ার কথা বলেছিল র‌্যাব। ওই অভিযোগেই তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় এ মামলা করা হয়।

সোহেলের চাচাত ভাই পোশাককর্মী আজাদের পরিবারের সঙ্গে ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ ছিল মেট্রো নিটিং এন্ড ডাইং ফ্যাক্টরির মালিক অমল পোদ্দারের। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ২ অগাস্ট আজাদ গণভবনের সামনে দাঁড়ানোর পর বিষয়টি আলোচনায় আসে।

পরে পুলিশের বাধায় আজাদ বাড়ি ফিরে যান এবং ওই রাতেই তার বাড়িতে অভিযান চালিয়ে সোহেলকে ধরে নিয়ে যায় র‌্যাব। তখন আজাদকে পেটানো হয় বলেও অভিযোগ রয়েছে।

এরপর গত ২৪ অগাস্ট অমল পোদ্দারের ভাতিজা বাপ্পী পোদ্দারসহ তিনজনকে পুলিশে দিয়ে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, এরা প্রতিপক্ষ হিসেবে আজাদের চাচাত ভাই সোহেল মাহমুদকে ইয়াবা দিয়ে ফাঁসিয়েছিল।

সোহেলের আইনজীবী মো. সোলায়মান মিয়া বলেন, “বাপ্পী পোদ্দার ও তার দুই সহযোগী ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা স্বীকার করেছেন যে মাদক মামলায় ফাঁসানোর জন্য তারা সোহেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়েছিলেন।”

এ বিষয়ে শুনানির পর আদালত সোহেলের জামিনের আদেশ দেয় বলে অ্যাডভোকেট সোলায়মান জানান।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে প্রতিপক্ষকে শায়েস্তায় র‌্যাবকে আবার ‘ব্যবহার’
সেই অমল পোদ্দারের ভাতিজা ‘নিখোঁজ’, থানায় জিডি
গণভবনের সামনে দাঁড়ানো যুবকের ভাই গ্রেপ্তার