ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা লুট
রাজধানীর কমদতলীর শ্যামপুর এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা।
রোববার দুপুরে শ্যামপুরের ‘বোম্বে কারখানা’র সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আহমেদ জানান।
বাঁ পায়ে গুলিবিদ্ধ মোহাম্মদ সুমন (৩০) ক্রোকারিজ সামগ্রীর ব্যবসা করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।
সুমন হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দুপুরে শ্যামপুরের ব্র্যাক ব্যাংক শাখা থেকে ঋণের পাঁচ লাখ টাকা তোলেন। পরে বন্ধু কালামকে সঙ্গে করে রিকশায় করে আলমবাগের বাসায় ফেরার পথে বোম্বে কারখানার সামনে একটি মোটর সাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তার পথ আটকায়। তারা তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
কদমতলীর ওসি ওয়াজেদ বলেন, “ব্র্যাক ব্যাংকে খবর নিয়ে জানতে পেরেছি, সুমন চার লাখ ৮৭ হাজার টাকার ঋণ নিয়েছিলেন।”
ঢাকার জুরাইনে রহমান প্লাজায় ‘সিয়াম ক্রোকারিজ’ নামে সুমনের একটি দোকান রয়েছে বলে তার ছোট ভাই রবিন জানান।
