২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে শিশুকে ‘যৌন হয়রানি’, যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 03:36 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

কাফিলাতলা এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনার পর রাতেই মো. খোরশেদ আলম (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

রাতেই খোরশেদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাফিলাতলায় এক ফার্নিচার কারখানার শ্রমিকের সাত বছরের মেয়েকে একা পেয়ে শনিবার সন্ধ্যায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে।

“শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে খোরশেদ কৌশলে পালিয়ে যায়।”

মেয়েটি ইজ্জতপুর প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী বলে জানান ওসি।

স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার সকালে মেয়েটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, রাতেই শিশুটির বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

রাতেই পুলিশ কাফিলাতলা এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।