২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 12:50 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

এরা হলেন- আবুল কালাম (৪৫) ও মো. রবিউল (১২)।

রোববার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন আবুল কালাম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম বলেন, “গাবতলীগামী ৮ নম্বর পরিবহনের দুটি বাসের মাঝে পড়ে কালাম মারা যান।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই রনজিত সাহা বলেন, একটি বাসে উঠার সময় একই রুটের আরেকটি বাস এসে পাশ থেকে কালামকে চাপা দেয়।

বাস দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে কদমতলী ঢাকা ম্যাচ কারখানার কাছে ট্রাকের ধাক্কায় রবিউল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আহমেদ বলেন, কারখানার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় রবিউলকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রবিউলের মৃত্যু হয়।

রবিউল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। তার বাবার নাম মনিরুল ইসলাম; বাসা কদমতলীর রসুলপুরে।