দিনাজপুরে দুই বাসের সংঘর্ষে আহত ২০
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার উপজেলার নশরতপুর বড়ভিটা এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান।
আহতদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী গেটলক রুবেল পরিবহন (রংপুর-ব-০৫-০০২৪) বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় আড়াই ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা সাড়ে ১২টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
