স্মরণসভায় সাইফুর রহমানের প্রশংসা
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণসভায় বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিতে তার ভূমিকার প্রশংসা করেছেন আলোচকরা।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, “বাংলাদেশের আর্থিক শৃঙ্খলার যে বুনিয়াদ দেখছেন তা সাইফুর রহমান সাহেবের হাতে গড়া। উনি হচ্ছেন এদেশে আর্থিক সুব্যবস্থাপনার প্রধান স্থপতি-এটা আমাদের স্বীকার করতেই হবে।”
এক সময় ব্যাংকিং বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসা শামসুল হুদা বলেন, “সাইফুর রহমান সাহেব যেসব অর্থনৈতিক সংস্কার করে গেছেন, সেগুলো এত শক্ত ও এতই গুরুত্বপূর্ণ যে এগুলোকে কেউ ফেলে দিতে পারছে না, এগুলো গ্রহণ করতে হচ্ছে। যেমন মেয়েদের জন্য উপবৃত্তি, ভ্যাট প্রবর্তন, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির মত পদক্ষেপগুলো উনিই নিয়েছেন। এখন এসব বড়ো আকারে হচ্ছে।”
অর্থ মন্ত্রণালয়ে আলাদা ব্যাংকিং বিভাগ গঠন, দেউলিয়া আইন, বেসরকারি ব্যাংকের পরিচালক ও পরিচালনা পর্ষদ গঠনে আইনসহ বিভিন্ন অর্থনৈতিক সংস্কারে সাবেক অর্থমন্ত্রী সাইফুরের ভূমিকা ছিল বলে জানান তিনি।
সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দূররে সামাদ রহমান ও সাইফুর রহমান ফাউন্ডেশন’র উদ্যোগে এই আলোচনা সভা হয়। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান সাইফুর রহমান।
সভায় এটিএম শামসুল হুদা বলেন, “রাজনীতির জন্য যেটা প্রয়োজন, সেটা অর্থনীতির জন্য ভালো হয় না। এ দুটো মুখোমুখি দাঁড়িয়ে যায়, সেখানে একজন অর্থমন্ত্রী কী করবেন, কত দূর পযর্ন্ত ছাড় দিতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি।
“প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান সাহেব একটা অর্ডার পাস করে দিলেন, সাংসদদের ট্যাক্স ফ্রি গাড়ি। কিন্তু জিয়াউর রহমান যেহেতু মেকানিক্যাল ও হাইলি ডিসিপ্লিন লোক ছিলেন, তিনি সাইফুর রহমান সাহেবের কাছে মতামতের জন্য ফাইলটি পাঠিয়েছিলেন।
সাবেক অর্থমন্ত্র সাইফুর রহমান (ফাইল ছবি)
“সাংসদদের গাড়ি দেওয়ার বিরোধিতা করেছিলেন সাইফুর রহমান। পরে অবশ্য এরশাদ সরকারের আমলে এমপিরা ট্র্যাক্স ফ্রি গাড়ি আমদানির সুযোগ পায়।”
তিনি বলেন, “ঋণ খেলাপিদের ব্যাপারে তিনি (সাইফুর রহমান) শক্ত অবস্থান নিয়েছিলেন। আইন তৈরি করেছিলেন।”
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমদ বলেন, “ভারতের অর্থনৈতিক সংস্কারের আগেই বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার শুরু করেছেন সাইফুর রহমান। তিনি একজন সফল অর্থমন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় ব্যাংক পরিচালনায় কখনোই তিনি (অর্থমন্ত্রী সাইফুর রহমান) হস্তক্ষেপ করেননি।”
সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মো. মনসুর বলেন, “বিএনপি করলেও সাইফুর রহমান সাহেব আজকের মতো দলবাজির ঊর্ধ্বে ছিলেন। তিনি কেবল সিলেট নয়, সারা দেশের উন্নয়ন করেছেন। দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন প্রথম ব্যক্তি।”
তিনি বলেন, “সাইফুর রহমান সাহেব অন্য মানুষকে সন্মান করতে জানতেন। একদিন তিনি আমাকে বলেছিলেন, আমার চেয়েও সফল অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।”
মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বাংলাদেশের স্বাধীনতার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এম নাসের রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, সাবেক অর্থসচিব জাকির আহমদ খাঁন, ছিদ্দিকুর রহমান চৌধুরী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুর রহমানের রাজনৈতিক সচিব কাইয়ুম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
স্মরণ সভায় অন্যদের মধ্যে প্রয়াত সাইফুর রহমানের ভাই এম ফজলুর রহমান ও জালালাবাদ সমিতির সাবেক সভাপতি সৈয়দ আফজাল মুকতাদির উপস্থিত ছিলেন।
