জমির বিরোধে হামলায় বৃদ্ধ নিহত
জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত এবং তার চার ছেলে আহত হয়েছেন।
নিহত হয়েছেন সদর উপজেলার অষ্টদোনা গ্রামের মোতালেব হোসেন (৭০)।
আহতরা হলেন মোস্তাফিজুর রহমান (৪৮), মনির হোসেন (৪৫), সিরাজুল ইসলাম (৩৫) ও জাকির হোসেন (৩২)।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, শুক্রবার দুপুরে হামলার ঘটনা ঘটে। বিকাল ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মোতালেব মারা যান।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, মোতালেব হোসেনের বাড়ির পাশে চার শতক খাস জমির উপর ক্লাবঘর নির্মাণের চেষ্টা করছিলেন একই গ্রামের আক্কাস বেপারী, কালু মিয়া ও আমিনুর। এই নিয়ে বছর খানেক ধরে তাদের সঙ্গে মোতালেবের বিরোধ চলে আসছিল।
“বেলা ১১টার দিকে ওই জায়গায় ঘর ওঠাতে গেলে মোতালেব ও তার ছেলেরা বাধা দেন। তখন দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
“বেলা ১২টার দিকে আক্কাস, কালু ও আমিনুর লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। এতে মোতালেব ও তার চার ছেলে গুরুতর আহত হন।”
তিনি বলেন, পরে পুলিশ আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে বিকাল ৪টার দিকে মোতালেবকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
“সেখানে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।”
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
