ছাতকে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।
শুক্রবার দুপুরে পীরপুর গ্রামে এ সংঘর্ষে নিহতরা হলেন ওই গ্রামের বতু মিয়া (৪৫) ও কবির মিয়া (২২)।
ছাতক থানার ওসি আসেক সুজা মামুন জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ময়না মিয়া ও মস্তান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে জুমার নামাজের পর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।
“দফায় দফায় সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত ও অন্তত ২০ আহত হন।”
খবর পেয়ে ছাতক থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
