নিলয় হত্যায় গ্রেপ্তার কাউছার-কামাল ফের রিমান্ডে
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যায় গ্রেপ্তার কাউছার হোসেন ও কামাল হোসেনকে দ্বিতীয় দফায় চার দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
পাঁচ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার দুজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ফের সাত দিনের হেফাজতে চান তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহমুদুর রহমান।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম লুৎফর রহমান শিশির তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৭ অগাস্ট রাজধানীর গোড়ানে নিজের বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
গত ২৭ আগস্ট রাতে মিরপুর ১০ নম্বর থেকে কাউছারকে এবং শ্যামপুরের ধোলাইপাড় এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
