২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বৃদ্ধকে কুপিয়ে খুন, ছোটভাই জখম

পিরোজপুর সদরে এক বৃদ্ধকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। হামলায় ওই বৃদ্ধের ভাই গুরুতর আহত হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 12:06 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

কদমতলা গ্রামে সোমবার রাতে এ হামলায় নিহত হন স্থানীয় দেলোয়ার শেখ (৬০)।

আহত  বাবুল শেখকে (৫০) মূমূর্ষু অবস্থায় খুলনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে।

সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ার শেখকে স্থানীয় এক ব্যক্তি ফোন করলে তারা দুই সহোদর বের হন।

“কিছুক্ষণ পর বাড়ির অদূরে ডাক-চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।”

পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।  

তিনি বলেন, এ ঘটনায় সন্দেহজনকভাবে তিন জনকে আটক করেছে। এরা হলেন নাসিরউদ্দিন শেখ (৩৮), লিমন হাওলাদার (২৪) ও সাকিবুল ইসলাম (২৫)।