খুলনায় এক বছরের শিশু হত্যা, আটক মা
খুলনার খালিশপুর থানা এলাকায় এক বছর বয়সী সন্তানকে বাসার ফ্যানের সঙ্গে রশিতে ঝুলিয়ে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ।
খালিশপুর শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম কামরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে ‘পিপল পাঁচতলা কলোনি’র একটি বাসায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর কাছে খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটির মা শারমিনকে (১৮) আটক করে।
নিহত শিশুটির নাম সুমাইয়া। তার বাবা সুমন (২০) একজন রিকশাচালক। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী এক নারী ওই বাসার জানালা দিয়ে দেখেন, শারমিন তার মেয়েকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে দিয়েছেন।”
পরে সেই প্রতিবেশী অন্যদের ডেকে আনেন এবং বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সহকারী পুলিশ কমিশনার বলেন, “হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। পরে শারমিনকে আটক করে থানায় নেওয়া হয়।”
পারিবারিক কলহের জেরে ওই তরুণী নিজের সন্তানকে এভাবে হত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
