২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গ্রেপ্তার দুই হিযবুত সদস্য রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সন্দেহভাজন দুই সদস্যকে রাজধানীর দক্ষিণখান থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 09:51 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

এরা হলেন- আলতামাস আহমেদ বাবু ও সৈয়দ জানে আলম।

রোববার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণখানের আইনুছবাগ শাহী মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকরা জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর তাদের সংগঠন একটি সরকারবিরোধী সমাবেশের প্রস্তুতি রয়েছে। এজন্য তারা লিফলেট বিতরণ করছিল।

“তারা বর্তমান সরকারকে উৎখাত করে দেশে শরীয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনলাইনে প্রচারণা চালানোর চেষ্টা করছিল বলে জানিয়েছে।”

হিযবুতের এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বিটিআরসিকে জানানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

পরে বাবু ও জানে আলমকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ১০ দিন হেফাজতের আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুক্তার হোসেন।

তার আবেদনে বলা হয়, এরা বর্তমান সরকারকে উৎখাত করে দেশে শরীয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনলাইনে প্রচারণা চালানোর চেষ্টা করছিল। তাদের আরও সহযোগীদের নাম, ঠিকানা উদ্ধার, তাদের নাশকতার কী কী পরিকল্পনা ছিল তা জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।

শুনানি শেষে মহানগর হাকিম মো. আমিনুল হক দুই দিন হেফাজতের আদেশ দেন।