নিজের দপ্তরে বসলেন আশরাফ
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম নিজ দপ্তরে অফিস করলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে ঘণ্টা দুয়েক সচিবালয়ের এক নম্বর ভবনের তিন তলায় নিজের কক্ষে দাপ্তরিক কাজ করেন মন্ত্রী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সৈয়দ আশরাফ; পরে নিজের দপ্তরে আসেন।
এসময় সৈয়দ আশরাফের কক্ষে এসে তার সঙ্গে কথা বলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
মন্ত্রী কয়েকজন দর্শনার্থীকে সাক্ষাৎ দিলেও বেলা ২টার দিকে সাংবাদিকদের এড়িয়ে দপ্তর ছাড়েন।
গত ৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সৈয়দ আশরাফকে। এর এক সপ্তাহের মাথায় ১৬ জুলাই তাকে জনপ্রশাসন মন্ত্রী করেন প্রধানমন্ত্রী।
সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রশাসন করার পর আশরাফই এ মন্ত্রণালয়ের প্রথম পূর্ণ মন্ত্রী।
দায়িত্ব পাওয়ার পর এর আগে মন্ত্রণালয়ে এলেও কক্ষ প্রস্তুত না হওয়ায় নিজের দপ্তরে বসেননি আশরাফ। প্রতিমন্ত্রী ইসমাত আরার কক্ষে সৈয়দ আশরাফের বসার ব্যবস্থা করা হয়েছে।
ইসমাত আরার বসার জায়গা করা হয়েছে একই ভবনের দোতলার একটি কক্ষে।
