চট্টগ্রামে এবার ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক
পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলামের সন্ধান না পেলে বৃহত্তর চট্টগ্রামে ২৬ অগাস্ট ভোর থেকে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শুক্রবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুসা বলেন, “নুরুল ইসলামকে অক্ষত অবস্থায় ফিরে না পেলে ২৬ অগাস্ট ভোর ৬টা থেকে ২৭ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালিত হবে।”
এরপরও তার হদিস না মিললে ৩০ অগাস্ট থেকে লাগাতার পরিবহন ধর্মঘট করার হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া নুরুল ইসলামের সন্ধান দাবিতে ২২ অগাস্ট থেকে প্রতিদিন প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দেওয়া হয় সভা থেকে।
চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলামকে গত বুধবার রাত ১০টার দিকে অস্ত্রধারীরা ‘অপহরণ’ করে নিয়ে যায় বলে অভিযোগ তার সংগঠনের।
তার সন্ধান দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে।
কিন্তু শুক্রবারও তার সন্ধান না মেলায় বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করা হয়।
২০১৪ ও ২০১৫ সালে অবরোধ-হরতালে পরিবহন শ্রমিকরা ‘জীবন দিয়ে’ দেশের অর্থনীতি সচল রেখেছিলেন মন্তব্য করে ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, “সেই শ্রমিক সংগঠনের নেতা অপহৃত হলে সাধারণ শ্রমিকদের আমরা কী জবাব দেব?”
নুরুল ইসলামকে ‘অক্ষত অবস্থায় ফেরত না পেলে’ পরিবহন খাতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা ‘কঠিন হয়ে যাবে’ বলেও তিনি হুঁশিয়ার করেন।
অন্যদের মধ্যে ফেডারেশনের বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমিন, পূর্বাঞ্চলীয় কমিটির সহ-সভাপতি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর, সহ-প্রচার সম্পাদক মো. ইউসুফ সমাবেশে বক্তব্য দেন।
