২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

বন্দর নগরীতে ‘অপহৃত’ সংগঠনের নেতা নুরুল ইসলামের সন্ধান দাবিতে বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 08:45 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে সংগঠনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী জানিয়েছেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুত নুরুল ইসলামের সন্ধান এবং তাকে অক্ষত উদ্ধারের দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে।

বাস, ট্রাক ও মিনিবাসসহ সব ধরনের যানবাহন ধর্মঘটের আওতায় থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছেন।

রাত ১০টার দিকে নগরীর বন্দরটিলা থেকে ইপিজেড এলাকার মধ্যের কোনো জায়গা থেকে অস্ত্রধারীরা তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতা মৃণাল চৌধুরী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি তিন পার্বত্য জেলা ও কক্সবাজারেও ধর্মঘট চলবে বলে চট্টগ্রাম-কক্সবাজার দক্ষিণাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুসা জানিয়েছেন।

Image
গাড়ির জন্য অপেক্ষায় বাসামুখো মানুষ। ছবিটি রাতে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তোলা।

গাড়ির জন্য অপেক্ষায় বাসামুখো মানুষ। ছবিটি রাতে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তোলা।

Image
ধর্মঘট শুরুর পর নগরীর আগ্রবাদ এলাকায় গাড়ির জন্য অপেক্ষা।

ধর্মঘট শুরুর পর নগরীর আগ্রবাদ এলাকায় গাড়ির জন্য অপেক্ষা।

সন্ধ্যায় ধর্মঘট শুরুর পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গণপরিবহন কমে এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মিন্টু চৌধুরী জানিয়েছেন।

এছাড়া দক্ষিণ চট্টগ্রামসহ বিভিন্ন উপজেলায়ও এরইমধ্যে যান চলাচল কমে এসেছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

ট্যাংক-লরি ধর্মঘট প্রত্যাহার

গ্রেপ্তার এক চালক মুক্তি পাওয়ায় ছয় দিন পর চট্টগ্রামে ট্যাংক-লরি ধর্মঘট প্রত্যাহার করেছে চালক মালিকদের সংগঠন ‘ট্যাংক-লরি চালক মালিক সংগ্রাম পরিষদ’।

গত ৪ অগাস্ট সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেড থেকে সাড়ে নয় হাজার লিটার তেল নিয়ে যাওয়ার সময় বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেইট থেকে একটি ভাউচার আটক করে পুলিশ। 

এ ঘটনায় গ্রেপ্তার চালকের মুক্তি দাবিতে গত শুক্রবার থেকে চট্টগ্রামের ১২টি বেসরকারি তেল শোধনাগারে তেল পরিবহন বন্ধ রাখে ‘ট্যাংক-লরি চালক মালিক সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার বিকালে ওই চালক মুক্তি পাওয়ার পর সন্ধ্যা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মজুমদার জানান।