২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 04:03 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বুধবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম (৩৭) গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব বাহাদুরপুর গ্রামের মৃত মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দুই আসামি জাহাঙ্গীরের মা জাহানারা বেগম (৫৫) ও ভাই জাহিদ হাসানকে (২৮) খালাস দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ওই আদালতের স্পেশাল পিপি এবিএম আফ্ফান।

মামলার নথি থেকে জানা যায়, পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ১৫ অগাস্ট স্ত্রী আয়েশা আক্তার লিজাকে মারধর করে জাহাঙ্গীর।

রক্তাক্ত অবস্থায় লিজাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর, তার মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।

২০১১ সালের ১৩ এপ্রিল তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।