২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সবুজ হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুষ্টিয়ায় শোক দিবসের অনুষ্ঠানে যুবলীগকর্মী সবুজ হত্যা মামলার সন্দেহভাজন এক আসামি গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 10:09 AM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পুরনো খবর:

কুষ্টিয়ায় সংঘর্ষের ঘটনায় মামলা, ওসি প্রত্যাহার
কুষ্টিয়ায় শটগান হাতে সেই যুবক চাকরিচ্যুত পুলিশ

মঙ্গলবার রাত দেড়টার দিকে জগতি চেচুয়া রেলবাজারের পাশে একটি বাগানের ভেতরে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাব্বির উল আলম জানান।

নিহত জাকির হোসেনের (৩০) বাড়ি মিরপুর উপজেলার আহাম্মদপুর গ্রামে।

সবুজ হত্যা মামলা ছাড়াও জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি।

পুলিশ বলছে, জাসদ নেতা পাঞ্জের হত্যার প্রধান আসামি দুলালের ‘ডান হাত’ ছিলেন জাকির। তিনি দুলালের ‘অবৈধ অস্ত্রের কারবারেও’ জড়িত ছিলেন।

ওসি সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসীরা ‘নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে’ বৈঠক করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রেলবাজার এলাকায় যায়।

“সেখানে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়।”

পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, নিহত ব্যক্তি জাকির হোসেন।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি হাসুয়া ও তিনটি গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

‘বন্দুকযুদ্ধে’ উজ্জ্বল হোসেন, কনক রেজা, সরোয়ার হোসেন, আনিসুর রহমান ও সুজন নামের পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন; তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জাকির গত শনিবার শোক দিবসের র‌্যালিতে নিহত যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলার পাঁচ নম্বর আসামি।”

গত ১৫ অগাস্ট দুপুরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের মধ্যে জেলা শহরের মজমপুর গেইট এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ালে সবুজ (২৫) নামের এক যুবলীগকর্মী ছুরিকাঘাতে নিহত হন, আহত হন অন্তত পাঁচজন।

শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের কর্মী-সমর্থকদের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সমর্থকদের ওই সংঘর্ষ হয়।

এ ঘটনায় সবুজের ভাই আরিফ কুষ্টিয়া মডেল থানায় যে হত্যা মামলা দায়ের করেছেন, তাতে সাজ্জাদ হোসেনসহ ২০ জনকে আসামি করা হয়েছে। জাকির স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজ্জাদের পক্ষের লোক ছিলেন বলে স্থানীয়দের তথ্য।

ওসি সাব্বির জানান, গত বছর ১৪ এপ্রিল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহমেদপুর বাজারে গুলি করে হত্যা করা হয় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন পাঞ্জেরকে (৫৬)। এর এক মাসের মাথায় র্যা ব জাকিরকে গ্রেপ্তার করে।

গত জুলাই মাসে ওই মামলা থেকে তিনি জামিনে মুক্তি পান বলে জানান ওসি।

এ নিয়ে গত দুই দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তিনটি বন্দুকযুদ্ধের ঘটনায় ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনের মৃত্যু হল।    

গত সোমবার গভীর রাতে রাজধানীর বেড়িবাঁধের কাছে বাড়ুইবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি মো. আরজু মিয়া। চুরির অভিযোগে মো. রাজা (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ছিলেন আরজু।

আর সোমবার গভীর রাতে মাগুরা জেলা শহরের দোয়ারপাড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান আজিবর ওরফে অজিবর শেখ।

গত ২৩ জুলাই মাগুরায় আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার মামলার ২ নম্বর আসামি ছিলেন আজিবর।