কুষ্টিয়ায় সংঘর্ষের ঘটনায় মামলা, ওসি প্রত্যাহার
জাতীয় শোক দিবসে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেককে প্রত্যাহার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান।
শনিবার দুপুরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের মধ্যে জেলা শহরের মজমপুর গেইট এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ালে সবুজ (২৫) নামের এক যুবলীগকর্মী ছুরিকাঘাতে নিহত হন, আহত হন অন্তত পাঁচজন।
নিহত সবুজ সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া গ্রামের মোবারকের ছেলে।
এ ঘটনায় সবুজের ভাই আরিফ রোববার বিকালে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কুষ্টিয়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবণী খন্দকার জানান, মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেককে রোববার থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা বলেন, “দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সংঘর্ষের সময় শটগান হাতে এক যুবকের ছবি গণমাধ্যমে এসেছে, যিনি পুলিশের একজন বরখাস্ত এএসআই বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
