আইসিটি আইনের অপব্যবহার বন্ধের দাবি
ফেইসবুকে পোস্ট দিয়ে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে রিমান্ডে নেওয়ার পর সরকারের বিরুদ্ধে আইনটির অপব্যবহারের অভিযোগ তুলেছে একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
মঙ্গলবার আলাদা বিবৃতি দিয়ে আইসিটি আইনের বিরুদ্ধে সরব হয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
সরকার নজিরবিহীনভাবে আইন ও ক্ষমতার নিকৃষ্ট প্রয়োগ ঘটিয়ে সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে বাম মোর্চা।
বিবৃতিতে বলা হয়, “প্রবীর সিকদারকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে যা করা হচ্ছে, তা নজিরবিহীন ও বলদর্পী ক্ষমতার বর্বর চর্চা। অবিলম্বে প্রবীর সিকদারকে মুক্তি দিন, অগণতান্ত্রিক আইসিটি অ্যাক্ট বাতিল করুন।”
সম্প্রতি ফেইসবুকে লেখালেখির জন্য হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ঢাকায় থানায় সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন একাত্তরে শহীদের সন্তান প্রবীর সিকদার। কিন্তু পুলিশ ওই জিডি নেয়নি জানিয়ে গত ১০ অগাস্ট নিজের ফেইসবুক পাতায় একটি স্ট্যাটাসে ‘নিজের জীবনের ঝুঁকির’ কথা জানান প্রবীর।
‘আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামের ওই স্ট্যাটাসে তিনি লিখেন- “আমি খুব স্পষ্ট করেই বলছি, নিচের ব্যক্তিবর্গ আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য দায়ী থাকবেন : ১. এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ২. রাজাকার নুলা মুসা ওরফে ড. মুসা বিন শমসের, ৩. ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার ওরফে মাওলানা আবুল কালাম আজাদ এবং এই তিন জনের অনুসারী-সহযোগীরা।”
ওই লেখার মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ তুলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন আইনজীবী স্বপন পাল।
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বলা হয়েছে, “কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্রের ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানী প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ৷”
এই অপরাধের দণ্ড সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা।
তথ্য প্রযুক্তি আইন প্রণয়নের পর থেকেই এই ধারাটিকে বাক ও চিন্তার স্বাধীনতার পরিপন্থি অভিহিত করে এর বিরুদ্ধে সোচ্চার রয়েছেন অধিকারকর্মীরা।
বাম মোর্চার বিবৃতিতে বলা হয়, এতোদিন ধরে তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহারের যে আশঙ্কা করা হয়েছিল, সাংবাদিক প্রবীর সিকদারের গ্রেপ্তারের মধ্য দিয়ে তার সত্যতা প্রমাণিত হয়েছে।
উত্তরাধিকার ৭১ নিউজ এবং দৈনিক বাংলা ৭১ নামের পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদার আগে সমকাল ও কালের কণ্ঠে কাজ করেছেন। দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকাকালে ২০০১ সালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গু জীবনযাপন করছেন তিনি।
এই সাংবাদিকের অভিযোগ, একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী মুসা বিন শমসেরের বিরুদ্ধে প্রতিবেদন লেখার কারণে মুসার ভাড়াটে সন্ত্রাসীরা ওই হামলা চালায়।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম মোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও মোর্চার কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান, শুভ্রাংশু চক্রবর্তী, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, জোনায়েদ সাকি, ইয়াসিন মিয়া ও হামিদুল হক।
বিবৃতিদাতারা বলেন, এই আইন অনুযায়ী সামাজিক গণমাধ্যমে নাগরিকদের মতপ্রকাশের ন্যূনতম অধিকারটুকু যেমন খর্ব হবে তেমনি জীবনাশঙ্কার কথা প্রকাশ করাও অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।
অপর এক বিবৃতিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বলেছে, তথ্যপ্রযুক্তি আইনের এহেন অপব্যবহার এ ক্ষেত্রে সরকারের অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে।
সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির, সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী, ভাষ্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল বিবৃতিতে স্বাক্ষর করেন।
