৫৭ ধারা বাতিলের প্রশ্নই ওঠে না: মন্ত্রী
সাংবাদিক প্রবীর সিকদারের গ্রেপ্তারকে অধিকার আন্দোলনের কর্মীরা তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার ‘অপব্যবহার’ হিসেবে চিহ্নিত করলেও ওই ধারা বাতিলের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আইনের ওই ধারা বাতিল করার প্রশ্নই ওঠে না।”
নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে উত্তরাধিকার ৭১ নিউজ এবং দৈনিক বাংলা ৭১ নামে পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদার সম্প্রতি ফেইসবুকে একটি পোস্ট দেন।
‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামের ওই স্ট্যাটাসে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম আসায় গত রোববার প্রবীরের বিরুদ্ধে ফরিদপুরে মামলা করেন এক আইনজীবী।
তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা ওই মামলায় ফেইসবুকে লিখে মন্ত্রীর ‘ভাবমূর্তি ক্ষুণ্ণ’ করার অভিযোগ আনা হয়। পুলিশ প্রবীর সিকদারকে গ্রেপ্তার করার পর তাকে তিন দিনের রিমান্ডেও পাঠিয়েছে আদালত।
এর প্রতিবাদে সোমবার বিকেলে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল থেকে প্রবীর সিকদারের মুক্তি দাবির পাশাপাশি ৫৭ ধারা বাতিল করার দাবি জানানো হয়।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, মানুষের কথা বলে, এই কালো ধারাটি ব্যবহার করে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।”
ওই ধারা সংবিধানে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক বলেও তিনি অভিযোগ করেন।
তথ্য ও প্রযুক্তি আইনে প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলার নিন্দা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক)নির্বাহী পরিচালক সুলতানা এক বিবৃতিতে বলেন, “আমরা তথ্য-প্রযুক্তি আইনের অপব্যবহারের শঙ্কা বারবার প্রকাশ করেছি। এ ঘটনা আবারও আমাদের শংকাকে প্রমাণ করে।”
৫৭ ধারায় বলা হয়েছে- ওয়েবসাইটে প্রকাশিত কোনো ব্যক্তির তথ্য যদি নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ করে, এতে যদি কারও মানহানি ঘটে, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তা হবে অপরাধ। এর শাস্তি অনধিক ১৪ বছর কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা জরিমানা।
২০০৬ সালে হওয়া এ আইনটি ২০০৯ ও ২০১৩ সালে দুই দফা সংশোধন করা হয়। সর্বশেষ সংশোধনে সাজা বাড়িয়ে ১০ বছর থেকে ১৪ বছর কারাদণ্ড করা হয়। আর ৫৭ ধারার অপরাধকে করা হয় অজামিনযাগ্য।
হাসানুল হক ইনু
তাদের অভিযোগ, এতে নাগরিকদের সুরক্ষার কোনো ব্যবস্থা না রাখায় পুলিশ যখন তখন যে কাউকে এ আইনের আওতায় গ্রেপ্তারের সুযোগ নিতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জবাবে সাংবাদিক প্রবীরের গ্রেপ্তারকে দুঃখজনক বললেও মন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের কোনো ‘সুযোগ নাই’।
“এর সমালোচনা যুক্তিযুক্ত না। বাংলাদেশের সংবিধান ও আইনের সঙ্গে এটি সাংঘর্ষিক অবস্থায় নেই। যারা সমালোচনা করেন, তারা আমাদের অপরাধ দণ্ড আইন ভালো করে পড়ে দেখেননি। সেই আইনে ১০০ বছর ধরে অজামিনযোগ্য বহু আইন আছে।”
কোনো ব্যক্তির গ্রেপ্তারের উপর নির্ভর করে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে কি-না, তা বিবেচনা করা ঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।
এই ধারার মামলায় বিচারিক আদালত জামিন দিতে না পারলেও উচ্চ আদালতে জামিনের সুযোগ আছে জানিয়ে ইনু বলেন, “অজামিনযোগ্য আইনের মানে এটা নয়, উনি কোনোদিন জামিন পাবেন না। উনি একটা আদালতে পাবেন না, আরেকটা আদালতে পাবেন।”
মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান শুভ্র এবং যে ব্লগাররা এর আগে তথ্য-প্রযুক্তি আইনে গ্রেপ্তার হয়েছেন, তাদের প্রত্যেকেই জামিনে রয়েছেন জানিয়ে ইনু বলেন, “এই আইনটা যদি অগণতান্ত্রিক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সর্বোচ্চ আদালতে কেউ গেলে প্রতিকার পাবেন।”
৫৭ ধারা বাতিলের কোনা ‘কারণ ঘটেনি’ মন্তব্য করে তিনি বলেন, ফেইসবুকে ‘সমালোচনা করার জন্য বা তথ্য দেওয়ার জন্য’ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মত প্রকাশের স্বাধীনতার চর্চা করার ক্ষেত্রে সবাইকে দেশের প্রচলিত আইন, ধর্মীয় অনুভূতি এবং ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত আইনের দিকে ‘খেয়াল রাখার’ পরামর্শ দেন তথ্যমন্ত্রী।
