চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার মো. শফিক (২৫) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর কলিম উল্লাহর ছেলে।
সোমবার বিকালে নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার শফিক পেশাদার ইয়াবা বিক্রেতা। বিকালে ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়।
“ইয়াবা কেনার কথা বলায় শফিক মাঝিরঘাট এলাকার হাজি নজু মিয়া মসজিদ গলিতে আসে। এসময় তাকে তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।”
ছোট ছোট ১০টি নীল রঙের প্যাকেটে ইয়াবাগুলো শফিকের প্যান্টের পকেটে ছিল বলে জানান ইমরুল।
গ্রেপ্তার শফিককে সদরঘাট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
