২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষৌরকার নিরাপদের স্মৃতিতে এখনও উজ্জ্বল বঙ্গবন্ধু

আশি পেরোনো নিরাপদ বিশ্বাস বঙ্গবন্ধুর দেখা পেয়েছিলেন অর্ধ শতক আগে, এখনও তার মনে জ্বলজ্বলে সেই স্মৃতি।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 02:05 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

বঙ্গবন্ধুর হত্যার ৪০তম বার্ষিকীতে ১৯৬৬ সালে জাতির জনকের চুল-দাড়ি কাটার সেই কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মাগুরার এই ক্ষৌরকার।

বর্তমানে জেলা শহরের পুরনো জেলখানা সড়কে খোলা জায়গায় সেলুন চালাচ্ছেন নিরাপদ। ১৯৬৬ সালে তিনি বসতেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।

ছয় দফা আন্দোলন ছড়িয়ে দিতে সারাদেশে ঘুরছিলেন শেখ মুজিবুর রহমান। তখন মাগুরায়ও গিয়েছিলেন তিনি, উঠেছিলেন সোহরাব হোসেনের বাড়িতে, আর সেখানেই ডাক পড়েছিল নিরাপদের।

“তার বাড়ির একটি রুমে ঢুকে দেখলাম বঙ্গবন্ধু বসে আছেন। আমাকে দেখে তিনি বলে উঠলেন- ‘এই সোহরাব, চুল-দাড়ি কাটতে গিয়ে ব্যাটা কেটে টেটে ফেলবে না তো?’ তখন উকিল সাহেব আমার কাজের প্রশংসা করলে তিনি আমাকে বললেন- ‘শুরু কর’।”

“তার অনুমতি নিয়ে অনেকটা সাহস নিয়ে আমি চুল-দাড়ি কাটা শুরু করলাম। আমার গোটা জীবনে এমন দরাজ কণ্ঠস্বর ও সুপুরুষ আমি কখনও দেখিনি। এত বড় একজন নেতার আড়ালে কী পবিত্র আর সহজ সরল অসাধারণ সেই মুখ, যা আমি কখনও ভুলতে পারব না,” এখনও মোহাচ্ছন্ন নিরাপদ।

তিনি বলেন, চুল-দাড়ি কাটতে কাটতে পারিবারিক নানা খোঁজ খবরও নিয়েছিলেন বঙ্গবন্ধু।

“কাজ শেষ হলেই বঙ্গবন্ধু তখনকার সময়ের দুটি ১০ টাকার জিন্নাহ নোট আমার হাতে ধরিয়ে দিলেন। তখন দাড়ি কাটা ৩ আনা আর চুল কাটতে ৫ আনা নেওয়া হত। আমি বললাম, আপনার কাছ থেকে টাকা নিলে উকিল সাহেব রাগ করবেন। তিনি ধমক দিয়ে বললেন ‘এই ব্যাটা রাখ, উকিল সাহেব দিলে সেইডাও রাখিস, এটার কথা বলার দরকার নেই’।”

নিরাপদ বিশ্বাস দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, “মাগুরায় আমার কাছে চুল-দাড়ি কেটেই বঙ্গবন্ধু যশোর থেকে গ্রেপ্তার হন।”

মাগুরার প্রবীণদের কাছে অতি পরিচিত মুখ নিরাপদ খ্যাতিমান অনেকের চুল-দাড়ি কেটেছেন। কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতি তার কাছে অমূল্য।  

স্বাধীন দেশে ১৯৭৫ সালে জাতির জনককে হত্যার খবরে অঝোরে কেঁদেছিলেন নিরাপদ।

“এমন একজন মহামানবকে যারা হত্যা করল, তাদের হৃদয় কতটা পাষাণ?”