সৈনিক লীগ নেতা হত্যা: এক আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে আওয়ামী লীগ সমর্থক সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের কাফরুল থানার সাধারণ সম্পাদক রুবেল মিয়া হত্যামামলার এক আসামিকে পটুয়াখালীতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হানিফ হাওলাদার ঢাকার ৯৪ নং ওয়ার্ডের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরীর দুধলমৌ প্রান্ত থেকে তাকে গ্রেপ্তার করে দুমকি থানার পুলিশ।
কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হানিফ কাফরুল থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়ার হত্যামামলার তিন নম্বর আসামি।
“কাফরুল থানার অনুরোধে তাকে দুমকি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। হানিফকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।”
সোমবার মিরপুরের কাজীপাড়া এলাকায় বাসার সামনেই কয়েকজন রুবেলকে এলোপাতাড়ি কোপায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুবেল পূর্ব কাজীপাড়ার আব্দুল কাদের মিয়ার ছেলে। তারা পূর্ব কাজীপাড়া ব্যাংক কলোনিতে থাকতেন।
দুমকি থানার ওসি আজম খান ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবেল হত্যামামলার এক আসামি মোটরসাইকেলযোগে কুয়াকাটার দিকে যাচ্ছে খবর পেয়ে এসআই বিমল কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ ওই জায়গায় নজরদারি করতে থাকে।
“বিকালে লেবুখালী ফেরীঘাটের উত্তর প্রান্তে মোটরসাইকেল যোগে দুই যুবক এসে থামে। এসময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে পরিচয় নিশ্চিত হয়ে আসামি হানিফ ও অপর যুবককে আটক করে।”
ওই যুবকের নাম প্রকাশ না করে ওসি আজম বলেন, “ওই যুবকই আমাদের সোর্স। আসামি যাতে বুঝতে না পারে তাই ওকেও আটক করা হয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হবে।”
