ঢাকায় সৈনিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় আওয়ামী লীগ সমর্থক সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রুবেল মিয়া (৩২) কাফরুল থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক। তিনি পূর্ব কাজীপাড়ার আব্দুল কাদের মিয়ার ছেলে। পূর্ব কাজীপাড়া ব্যাংক কলোনিতে থাকতেন তিনি।
সোমবার রাত ১০টার দিকে বাসার সামনেই কয়েকজন রুবেলকে এলোপাতাড়ি কোপায় বলে তার স্বজনরা জানিয়েছেন।
রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রুবেলের ভাই রোমান হাসপাতালে সাংবাদিকদের বলেন, “কাফরুল থানা কৃষক লীগের সভাপতি কামাল হোসেন, ৯৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য সাইফুল ইসলাম ও কালা ফারুকসহ কয়েকজন বাসার সামনের রাস্তায় আমার ভাইকে কুপিয়েছে।”
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের সঙ্গে আসা মোরসালিন ও খালেক নামে দুইজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে বাবুল চন্দ্র দে শিবু (৪০) নামে শ্যামলী পরিবহনের এক গাড়িচালককে সোমবার পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত বাবুল সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য।
ওই গাড়িচালকের সহকারী শামীমের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, “রাত ১১টার দিকে সিলেটগামী শ্যামলী পরিবহনের গাড়ি ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুষি মারলে এক পর্যায়ে বাবুল আচেতন হয়ে পড়েন।”
বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
